জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পিএম
সংসদে দেওয়া বিবৃতি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়—এমন অভিযোগ তুলে জ্বালানি সংকট ইস্যুতে খোলামেলা আলোচনার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি প্রশ্ন রেখেছেন, শুধু বিবৃতি দিয়ে কীভাবে চলমান সমস্যার সমাধান হবে।
সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে মুলতবি প্রস্তাবের আলোচনায় অংশ নিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তবে তার দেওয়া মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয়নি।
ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অধিবেশনে শফিকুর রহমান বলেন, সংসদে যে বিবৃতি দেওয়া হয়েছে তার সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল পাওয়া যাচ্ছে না। একদিকে সরকার বলছে তেলের কোনো সংকট নেই, অন্যদিকে মাঠের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এ নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “পত্রিকা ও সামাজিক মাধ্যমে নানা তথ্য আসে—কিছু সত্য, কিছু নয়। বাস্তবতা বোঝার চেষ্টা করেছি। কিন্তু সবকিছু তো নিজে গিয়ে দেখা সম্ভব নয়। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সঠিক তথ্য আসা প্রয়োজন।”
জ্বালানি সংকটকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ‘বার্নিং’ ইস্যু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এমন একটি বিষয়ে সংসদে আলোচনা না হওয়া দুঃখজনক। জনগণের প্রত্যাশা পূরণে সংসদে কার্যকর আলোচনা হওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, সংসদে নোটিশগুলো আলোচনায় না এলে সেখানে থাকার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন ওঠে। জনগণের প্রতিনিধিত্ব করতেই তারা সংসদে এসেছেন—কিন্তু সেই দায়িত্ব পালন করতে না পারলে তা অর্থহীন হয়ে পড়ে বলে মন্তব্য করেন তিনি।
মুলতবি প্রস্তাব গ্রহণ না হলেও ভবিষ্যতে নির্ধারিত সময়ে জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ দেওয়ার আহ্বান জানান শফিকুর রহমান। তিনি বলেন, এই সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দল মিলেই সমাধান খুঁজতে পারে।
অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জ্বালানি সংকট নেই বলে দাবি করে বলেন, কিছু ক্ষেত্রে অপচয় ও পাচারের কারণে মূল্যচাপ তৈরি হচ্ছে। তবে বিরোধীদলীয় নেতা এ বক্তব্যের সঙ্গে একমত না হয়ে বাস্তব পরিস্থিতি তুলে ধরার ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, জ্বালানি সংকট কেবল এই সরকারের সৃষ্টি নয়, বৈশ্বিক পরিস্থিতিরও প্রভাব রয়েছে। তবুও সমস্যার সমাধানে সবার অংশগ্রহণ প্রয়োজন বলে তিনি মনে করেন।
টিএই/এআর