images

রাজনীতি

হেফাজত আমিরের সঙ্গে আসিফের সাক্ষাৎ, আলোচনা কী নিয়ে?

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পিএম

চট্টগ্রামে গিয়ে হেফাজতে ইসলামের আমির ও ফটিকছড়িস্থ জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগরী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে জেলার ফটিকছড়িস্থ জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগরী মাদরাসায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেখানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও ছিলেন।

জানা গেছে, সাক্ষাতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি, সামাজিক ও ধর্মীয় শিক্ষার ভূমিকা এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ। 

22

এ সময় হেফাজত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী এনসিপি নেতা আসিফ মাহমুদকে দোয়া করেন এবং তার লেখা একটি বই উপহার দেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ বলেন, ‘মূলত আমি ব্যক্তিগতভাবে হুজুরের কাছ থেকে দোয়া নিতে এসেছিলাম। এর আগে কখনো আসা হয়নি। এখানে এসে দেখলাম, এত শিক্ষার্থী খুব সুন্দর পরিবেশে পড়াশোনা করছেন। আমরা সামনে হাটহাজারী মাদরাসায়ও যাবো।’

তিনি আরও বলেন, ‘হুজুর আমাদের জন্য দোয়া করেছেন, আমিও দোয়া চেয়েছি। তিনি দোয়া করে দিয়েছেন।’

নির্বাচনের প্রসঙ্গ টেনে আসিফ বলেন, ‘দলের পক্ষ আমাকে থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার জন্য বলা হয়েছে। সেটিও একটি উদ্দেশ্য ছিল, সেই কারণেই দোয়ার জন্য এখানে আসা।’

3

এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আমরা জাতীয় নাগরিক পার্টিকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করতে কাজ করছি। দলে নতুন অনেকে যুক্ত হচ্ছেন। আমরা দলকে একটি সুসংগঠিত অবস্থানে নিয়ে যেতে চেষ্টা করছি।’

এর আগে গত ১৪ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির আরেক নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। 

এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। মনজুর আলমের সঙ্গে হাসনাতের সাক্ষাৎ নিয়ে ওঠে নানা প্রশ্ন। এবার হেফাজত আমিরের সঙ্গে আসিফের সাক্ষাৎ নিয়েও কি হবে আলোচনা-সমালোচনা, উঠবে প্রশ্ন?

এএইচ