জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাগে ৮ ও শরীকদের জন্য ৫ টি রেখে জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসন বন্টন চূড়ান্ত করেছে ১১ দলীয় ঐক্য। জোটের মনোনীত প্রার্থীরা আগামীকাল (মঙ্গলবার, ২১ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেবেন। এদিন সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা হবে।
জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার আনুষ্ঠানিকতা শেষে ইসি প্রাঙ্গণেই একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
জামায়াতের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনে দলটির কোটায় মোট ৮ জন মনোনয়ন পাচ্ছেন। এছাড়া জোটের অন্যান্য শরিক দল থেকে আরও ৫ জন মনোনয়ন পেয়েছেন।
জামায়াত কোটায় যারা মনোনয়ন পাচ্ছেন তারা হলেন— কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ, মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু, সিলেট অঞ্চলের নেত্রী মাহফুজা সিদ্দিকা, বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ এবং খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার।
আরও পড়ুন: জামায়াত জোটের নারী এমপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা মঙ্গলবার
অন্যদিকে জোটের শরিকদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক মনিরা শারমিন এবং সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু মনোনয়ন পাচ্ছেন বলে জানা গেছে।
এছাড়া জাগপার চেয়ারম্যান ব্যারিস্টার তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম এবং জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমও মনোনয়ন তালিকায় রয়েছেন।
জামায়াতের দায়িত্বশীল সূত্রটি আরও জানায়, প্রাথমিকভাবে দলটির জন্য সম্ভাব্য ১৩টি আসনের বিপরীতে কয়েকজনের নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত ৮ জনকে চূড়ান্ত করা হয়েছে। জোটের শরিকদের মধ্যেও আসন বণ্টন ও প্রার্থিতা নিয়ে আলোচনা শেষে সমঝোতার ভিত্তিতে তালিকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে এনসিপির পক্ষ থেকে সংসদ সদস্যের অনুপাতে একটি আসন পাওয়ার কথা থাকলেও তারা দুটি আসনের দাবি জানিয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও আইনগত দিক যাচাই-বাছাই চলছে।
টিএই/এআর