images

রাজনীতি

জামায়াত জোটের নারী এমপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা মঙ্গলবার

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীরা মঙ্গলবার (২১ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেবেন। 

এদিন সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে এ মনোনয়নপত্র দাখিল করা হবে।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার আনুষ্ঠানিকতা শেষে ইসি প্রাঙ্গণেই একটি প্রেস ব্রিফিং আয়োজন করা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতের জন্য সম্ভাব্য ১৩টি আসনের বিপরীতে এখন পর্যন্ত সাতজনের নাম আলোচনায় রয়েছে। তারা হলেন— মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, সিলেট অঞ্চলের মাহফুজা সিদ্দিকা, চট্টগ্রামের মেরিনা সুলতানা, বগুড়ার সাজেদা সামাদ এবং ঢাকা অঞ্চলের মারদিয়া মমতাজ।

জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকেও কয়েকজন প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে দলটির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়ন প্রায় চূড়ান্ত বলে জানা গেছে। এছাড়া কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু এবং জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নামও আলোচনায় রয়েছে।

এনসিপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সংসদ সদস্যের অনুপাতে দলটির একটি আসন পাওয়ার কথা থাকলেও তারা দুটি আসনের দাবি জানিয়েছে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি; আইনগত বিষয়গুলো যাচাই-বাছাই চলছে।

টিএই/এএইচ