জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পিএম
জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিভিন্ন দলীয় কর্মসূচিতে তারা সক্রিয় ছিলেন। তাদের উপস্থিতি সবখানেই ছিল মোটামুটি। কিন্তু তারা আলোচনায় থাকলেও মনোনয়ন তালিকায় স্থান পাননি। এমন কয়েকজন বিএনপি নেত্রীর খোঁজ মিলেছে।
তাদের মধ্যে রয়েছেন- সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আফরোজা আব্বাস, কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, মেঘনা আলম, ফারজানা সিঁথি, প্রয়াত নাসির উদ্দীন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা, ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ, গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অপর্ণা রায়, সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেনের বড় ছেলের স্ত্রী নাঈমা খন্দকার, মহিলা দলের সহ-সভাপতি বেবী মওদুদ, সামিরা তাজরিন ও মাহরীন খান।
সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বিএনপির রাজনীতিতে অতি পরিচিত। টকশোতে এক সময় তিনি পরিচিত মুখ ছিলেন। পাপিয়া নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তখন সংসদে দাঁড়ালেই প্রতিপক্ষের সমালোচনায় সংসদ কাঁপাতেন। তার স্বামী হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক।
এদিকে সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের তালিকা প্রকাশ করেছে বিএনপি। এবার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি হয়েছে মোট ১ হাজার ২৫টি। তবে, জমা দিয়েছেন প্রায় ৯০০ জন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয় ২ হাজার টাকা এবং মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত দিতে হয়।
গত ১৭ ও ১৮ এপ্রিল প্রার্থীদের সাক্ষাৎকার নেন দলের চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যরা।
এমআইকে/এমআই