images

রাজনীতি

বিএনপির মনোনয়ন পেলেন না সেই সিঁথি

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন থেকে ছিটকে পড়লেন আলোচিত প্রার্থী ফারজানা সিঁথি। তাকে মনোনয়ন দেয়নি বিএনপি। 

সোমবার (২০ এপ্রিল) সরকারি এ দল থেকে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন নারী প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়নি সিঁথির নাম। 

এর আগে গত ১১ এপ্রিল সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার উদ্দেশে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এই জুলাই যোদ্ধা। শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। শেষ পর্যন্ত তার সংসদ সদস্য হওয়ার ইচ্ছা পূরণ হলো না। 

মনোনয়ন ফরম তোলার পর তিনি জানিয়েছিলন, ‘নড়াইল-২ আসন থেকে আমি ফরম নিয়েছি। আমি আশাবাদী, চূড়ান্তভাবে মনোনীত হবো।’

তবে মনোনয়ন না পাওয়ার পর আজকে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি অফিশিয়ালি একটি ব্রিফ করব, তখন বিস্তারিত জানাব।’ 

প্রসঙ্গত, ২০২৪ সালে আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালীন শাহবাগ থানা এলাকায় সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন সিঁথি। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন তিনি। পরে অবশ্য তোপের মুখে ক্ষমাও চান। 

গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থী ফারজানা সিঁথির বাড়ি যশোরে। এর আগে তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশের বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

এমআইকে/এএইচ