images

রাজনীতি

মিম বা কার্টুন শেয়ারের কারণে গ্রেফতার ইস্যুতে উত্তপ্ত সংসদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পিএম

মিম বা কার্টুন শেয়ার করায় এক্টিভিস্ট হাসান নাসিমকে গ্রেফতারের ঘটনায় জাতীয় সংসদে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, একটি গণঅভ্যুত্থানের পরও যদি কার্টুন শেয়ারের কারণে কাউকে গ্রেফতার করা হয়, তা অত্যন্ত উদ্বেগজনক।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ‘কোয়েশ্চন অব প্রিভিলেজ’-এ দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সংসদের পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।

হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, সংসদে মন্ত্রীদের জবাবদিহিতার সুযোগ সীমিত হয়ে যাচ্ছে। তিনি বলেন, নিয়ম অনুযায়ী তারকা চিহ্নিত প্রশ্নের মাধ্যমে মন্ত্রীদের সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকলেও বাস্তবে তা টেবিলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে সম্পূরক প্রশ্ন করার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন সংসদ সদস্যরা।

গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, সরকারি দলের চিফ হুইপ সংসদে একটি বক্তব্যে ‘তিমি ও হাঙর’ প্রসঙ্গে স্যাটায়ার করেছিলেন। সেই বক্তব্য ঘিরে তৈরি একটি কার্টুন শেয়ার করার অভিযোগে হাসান নাসিমকে গ্রেফতার করা হয়েছে। তার দাবি, এ ঘটনায় ২৫ ধারায় মামলা করা হয়েছে, যা মূলত যৌন নির্যাতনের মতো অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য—কিন্তু আলোচিত ঘটনায় এমন কোনো উপাদান নেই।

তিনি আরও বলেন, সাইবার নিরাপত্তা আইনে কার্টুন বা মিম শেয়ার করাকে অপরাধ হিসেবে উল্লেখ নেই। তবুও এ ধরনের মামলায় গ্রেফতার ও জামিন না দেওয়ার ঘটনা বিরোধী মত দমনের ইঙ্গিত দেয় বলে তিনি মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা আগেও দেখেছি, কটূক্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এমন ঘটনা আরও উদ্বেগজনক। যদি সংসদে প্রশ্ন করার সুযোগ না থাকে, তাহলে এটি কার্যত একপাক্ষিক অধিবেশনে পরিণত হবে।

তিনি সংসদের কার্যপ্রণালী বিধিতে মৌখিক উত্তর নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানান, যাতে সংসদ সদস্যরা কার্যকরভাবে মন্ত্রীদের জবাবদিহিতার আওতায় আনতে পারেন।

টিএই/এএস