নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল ২০২৬, ১১:৪০ পিএম
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন জুলাই–আগস্ট আন্দোলনের অন্যতম সংগঠক ও ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী সালামান রিফাত, মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ সংগঠনটির অন্তত ৩০ জন কেন্দ্রীয় নেতা।
শনিবার (১৮ এপ্রিল) রাতে আপ বাংলাদেশের মুখপাত্র শাহরীন সুলতানা ইরা এনসিপিতে যোগদান বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।
দলীয় সূ্ত্রে জানা গেছে, দীর্ঘদিনের গুঞ্জন ও দফায় দফায় বৈঠকের পর অবশেষে ‘আপ বাংলাদেশ’-এর একটি বড় অংশ এনসিপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র জানায়, আগামীকাল রোববার (১৯ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক যোগদান ঘোষণা করা হবে।
এছাড়া সংগঠনটির শীর্ষ নেতাদের পাশাপাশি মো. জসিম উদ্দিন, জাহিদুর রহমান, তৌসিব মাহাবুব সোহান, কাজী সালমান, মোশারেফ হোসেনসহ আরও ২০–৩০ জন নেতাকর্মীও এনসিপিতে যোগ দিতে পারেন। পরবর্তী ধাপে তৃণমূল পর্যায়ের কমিটি সম্প্রসারণের মাধ্যমে ‘আপ বাংলাদেশ’-এর আরও নেতাকর্মীদের দলে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
দলটির নেতারা জানিয়েছেন, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সব শক্তিকে এক প্ল্যাটফর্মে আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিপর্যায়েও যোগাযোগ অব্যাহত রেখেছে এনসিপি।
এমআর/ক.ম