জ্যেষ্ঠ প্রতিবেদক
১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পিএম
রাজধানীর অধিকাংশ হাসপাতালেই আইসিইউ সুবিধা কাগজে-কলমে থাকলেও বাস্তবে তার অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সংসদে জানতে চেয়েছিলাম হামের চিকিৎসায় প্রয়োজনীয় আইসিইউ সুবিধা আছে কি না। জবাবে বলা হয়েছে আছে। কিন্তু একজন চিকিৎসক হিসেবে বলছি, বেশিরভাগ জায়গায় আইসিইউর বাস্তব অস্তিত্ব নেই। আইসিইউ চালাতে প্রশিক্ষিত ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ দরকার, সেই ব্যবস্থাও গড়ে ওঠেনি। খাতায়-কলমে যা আছে, বাস্তবেও তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আমাদের অবস্থান হচ্ছে রোম পুড়লে নিরো হয়ে বাঁশি বাজাব না। যখন রোম পুড়বে, তখন সেই আগুন নেভানোর চেষ্টা করব। এটাই আমাদের অগ্রাধিকার হবে।
স্বাস্থ্য খাতের সার্বিক অবস্থা নিয়ে তিনি বলেন, পুরো স্বাস্থ্য খাত এখন একটি ডিজাস্টারে পরিণত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দেখতে গিয়ে যে দৃশ্য দেখেছি, সেটি হাসপাতালের চেয়ে বড়জোর বাজার বলা যায়। চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা হিমশিম খাচ্ছেন।
তিনি আরও জানান, ১ হাজার শয্যার বিপরীতে সেখানে ভর্তি রোগী রয়েছে প্রায় ৩ হাজার ৭০০। প্রতিদিন আউটডোরে চিকিৎসা নিচ্ছেন আরও প্রায় ৪ হাজার মানুষ। কিন্তু সেই অনুপাতে জনবল, অবকাঠামো ও লজিস্টিক সাপোর্ট নেই। লুটপাট ও অবহেলার কারণে স্বাস্থ্য খাতে এই করুণ অবস্থা তৈরি হয়েছে।
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে জামায়াত আমির বলেন, সুশিক্ষা নিশ্চিত করা গেলে একটি জ্ঞানভিত্তিক জাতি গড়ে উঠবে। আর জনস্বাস্থ্য ঠিক থাকলে পাওয়া যাবে সুস্থ ও সবল জনগোষ্ঠী। তখন দেশকে মনের মতো করে গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরও বলেন, জরুরি পরিস্থিতিতে স্বাভাবিক কার্যক্রম কিছুটা স্থগিত রেখে সংকট মোকাবিলায় মনোযোগ দিতে হয়। কিন্তু সংসদে সরকারি দলের মন্ত্রীরা কথা বললে মনে হয় দেশে কোনো সমস্যা নেই। অথচ সাধারণ মানুষের কাছে গেলে দেখা যায় সমস্যার পাহাড় জমে আছে।
