images

রাজনীতি

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৫ বিভাগের সাক্ষাৎকার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়েছে। 

প্রথম দিন আজ শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে পাঁচ বিভাগের প্রায় ৪০০ প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছে দলের পার্লামেন্টারিয়ান বোর্ড। এগুলো হলো- রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগ।  
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎকারের সময় উপস্থিত ছিলেন। 

BNP_candidate_woment
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। ছবি: বিএনপি মিডিয়া সেল

 
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, যারা সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী হতে ইচ্ছুক, যারা দলের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন, আজ (শুক্রবার) বিকালে থেকে তাদের সাক্ষাৎকার শুরু হয়েছে।

রিজভী বলেন, আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী, দলের মনোনয়ন বোর্ড, অর্থাৎ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই বোর্ডের সদস্য হিসেবে দলের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা রয়েছেন। 

BNP_candidate_woment_ii
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। ছবি: বিএনপি মিডিয়া সেল

 

আগামীকাল শনিবার বেলা ৩টায় ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন  প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত ১০, ১১ ও ১২ এপ্রিল বিএনপি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে। সংসদের সংরক্ষিত আসনে বিএনপি থেকে প্রার্থী হতে ১ হাজার ১৯৪ জন মনোনয়ন ফরম কেনেন। এর মধ্যে তথ্য পূরণ করে ফরম জমা দিয়েছেন ৯০৭ জন। মনোনয়ন ফরমের মূল্য ধরা হয় দুই হাজার টাকা। প্রত্যেক প্রার্থী ফরম জমার সময় ৫০ হাজার টাকা জামানত জমা দিয়েছেন। 

ক.ম/