images

রাজনীতি

‘জ্বালানি সংকট নিয়ে আলোচনা করতে চাইলেই লুকোচুরি করছে সরকার’

নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পিএম

জ্বালানি সংকট নিয়ে আলোচনা করতে চাইলেই সরকার লুকোচুরি করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি জাতীয় সংকট উত্তরণে সংসদে ও সংসদের বাইরে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। 

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত জামায়াতে ইসলামীর জেলা আমির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জ্বালানি সংকট, বিদ্যুৎ ঘাটতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সারের সংকট—এসব বিষয়ে আলোচনা করতে চাইলেও সরকার তা এড়িয়ে চলে। তবে এসব সংকট কেবল সরকারের সৃষ্টি নয়, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবও এতে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সবাইকে একসঙ্গে বসে সমাধান খুঁজে বের করার আহ্বান জানান তিনি।

সরকারকে ভুল থেকে সরে আসার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, প্রথমেই গণরায়ের প্রতি সম্মান দেখাতে হবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। 

তিনি জানান, এ প্রক্রিয়ায় সহযোগিতা করতে তার দল প্রস্তুত। পাশাপাশি শাসনব্যবস্থা থেকে ফ্যাসিবাদ দূরীকরণে যেসব অধ্যাদেশ জারি হয়েছিল, সেগুলোকে আরও এগিয়ে নিয়ে আইন হিসেবে প্রণয়নের দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণের ওপর কোনো ধরনের ফ্যাসিবাদী শাসন আর গ্রহণযোগ্য হবে না। সংসদ সদস্যদের দায়িত্বশীল ও দেশমুখী ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি আশা প্রকাশ করেন, তাদের মানসিকতার পরিবর্তন ঘটলে দেশের পরিস্থিতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।

রাজনীতির প্রচলিত স্লোগান ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’ এর বাস্তব প্রয়োগ না থাকার সমালোচনা করে তিনি বলেন, বর্তমানে দেশের চেয়ে দল এবং দলের চেয়ে ব্যক্তি বড় হয়ে উঠেছে। এই সংস্কৃতি পরিবর্তনে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার কথাও জানান তিনি।

এ সময় জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এম/এআরএম