images

রাজনীতি

গণভোট অধ্যাদেশ বাতিল করে গণবিরোধী অবস্থানে সরকার: খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পিএম

খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশনে নেতারা গভীর উদ্বেগের সঙ্গে বলেছেন, বিএনপি সরকার গণভোট অধ্যাদেশ-২০২৫, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, মানবাধিকার কমিশন সংক্রান্ত অধ্যাদেশ ও বিচার বিভাগ সংস্কার অধ্যাদেশসহ বেশ কয়েকটি জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে দেশকে আবারো ফ্যাসিবাদী শাসনের দিকে নিয়ে যাচ্ছে। গণভোট অধ্যাদেশ বাতিল করে সরকার গণবিরোধী অবস্থান নিয়েছে।

আজ শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির মজলিসে শূরার সাধারণ অধিবেশন হয়। এতে সভাপতিত্ব করেন দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। সঞ্চালক ছিলেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। বৈঠকের পর গণমাধ্যমে পাঠানো দলের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। 

খেলাফত মজলিসের নেতারা বলেন, বিএনপি সরকার জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ অন্তহীন প্রতারণার দলিল ও জাতীয় প্রতারণা হিসেবেও অখ্যায়িত করেছে, এর মাধ্যমে বিএনপি জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ভূলুণ্ঠিত করেছে| অথচ এই সনদে স্বাক্ষরকারী ২৫টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপির নামও উল্লেখ রয়েছে| তারা ভিন্নমত যুক্ত করে নিজস্ব প্রক্রিয়ায় সংসদীয় সংশোধন চায়, যা গণভোটে জনরায়ের বিরোধিতা ছাড়া আর কিছুই নয়। 

নেতারা বলেন, জুলাই জাতীয় সনদের যে ৪৮টি প্রস্তাব বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়েছিল নির্বাচিত সংসদকে সেগুলো নিয়ে আলোচনা-পর্যালোচনা করতে হবে। গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। 

khelafat_majlish
খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন। ছবি: দলের সৌজন্যে

 

স্বাস্থ্য সম্পর্কিত বিষয়েও বৈঠকে আলোচনা হয়। নেতারা বলেন, যথাসময়ে টিকা না দেওয়ার কারণে শিশুদের হাম আক্রান্তের হার বাড়ছে। গত মার্চ মাসে এ রোগে ৩২ জন শিশু মারা গেছে| ইতিমধ্যে মশার উৎপাত বাড়লেও সরকারদলীয় স্থানীয় সরকার প্রশাসকরা সজাগ নন| অথচ সামনে ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহীত রোগের প্রাদুর্ভাব বাড়ার মৌসুম| সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম সংকটে চিকিৎসা বাধাগ্রস্ত হচ্ছে। 

জ্বালানি তেল মজুদকারীদের বিরুদ্ধে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না বলেও মন্তব্য করেন খেলাফত নেতারা। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালু অপরিণামদর্শী সিদ্ধান্ত বলে উল্লেখ করে নেতারা বলেন, এতে আর্থিক ও নৈতিকভাবে শিক্ষার্থীদের বহুমুখী ক্ষতির শিকার হতে হয়। 

খেলাফত নেতারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকার শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ও আলোকসজ্জা নিষিদ্ধ ঘোষণা করতে পারে। পাবলিক পরিবহন ব্যবস্থা উন্নত করতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইন ক্লাসের অযৌক্তিক সিদ্ধান্ত থেকে ফিরে আসার জন্য সরকারকে আহ্বান করছি। বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে অনুষ্ঠিত গতকাল শুক্রবারের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এসেছে। এসব অনিয়মের বিষয়ে নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে।
 
সভায় অন্যদের মধ্যে ছিলেন দলের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, মুফতি আবদুল হামিদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ডা. আবদুল্লাহ খান, ড. ইউসুফ আলী, সংসদ সদস্য মুফতি আবুল হাসান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্য, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও আমন্ত্রিত সদস্যরা।
 
অধিবেশনে প্রস্তাব গ্রহণ, কেন্দ্রীয় বার্ষিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা, বার্ষিক পরিকল্পনা পুনর্মূল্যায়ন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পর্যালোচনা ও বিবিধ এজেন্ডা কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল।
 
ক.ম/