নিজস্ব প্রতিবেদক
০৯ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পিএম
বিএনপির মনোনয়ন পাওয়ার আশায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বড় মেয়ে আইরীন মাহবুব।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংরক্ষিত নারী আসন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনের কাছে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জানতে চাইলে মনোনয়নপত্র সংগ্রহের পর আইরীন মাহবুব বলেন, ‘আমি সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য। এবার মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমার বাবারও ইচ্ছে ছিল এমন। বিএনপির কাছে মনোনয়ন চাইব। বিএনপির হয়ে অনেক মামলা পরিচালনায় ভূমিকা রেখেছি। আশা করি, দলীয় মনোনয়ন পাব।’
আইরীন জানান, বৃহস্পতিবার নিজের যোগাযোগ, পরিচিতি ও দলীয় মনোনয়নের বিষয়গুলো উল্লেখ করে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে; জমা দেওয়ার সময় ২০ হাজার টাকা জামানতসহ হলফনামার বিস্তারিত কাগজপত্র জমা দেওয়া হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তা দ্বারা যাচাই-বাছাই ২২ এপ্রিল থেকে ২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। ভোটগ্রহণ ১২ মে।
এমএইচএইচ/ক.ম