নিজস্ব প্রতিবেদক
০৯ এপ্রিল ২০২৬, ০৩:০০ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফিয়া সুলতানা (রাফি) আর নেই। বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলার (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাব্বি হাসান মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
রাফিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে হঠাৎ অসুস্থ অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মেধাবী এই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদ নির্বাচনে পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার অকাল মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জাতীয় নাগরিক পার্টির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ প্রক্রিয়া শেষে তার মরদেহ বগুড়ায় আনা হবে এবং সেখানেই জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।
এফএ