Dhaka Mail Logo

রাজনীতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ এপ্রিল ২০২৬, ১০:০০ পিএম

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা বাদ দিয়ে দ্রুত অধ্যাদেশগুলো বিল আকারে পাসের ওপর গুরুত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নাহিদ এ প্রস্তাব দেন। অধিবেশনের ১১তম দিনের শেষাংশে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

নাহিদ ইসলাম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অধ্যাদেশগুলো বিল হিসেবে পাস করার বাধ্যবাধকতা রয়েছে। সে কারণে দ্রুত এসব বিল নিয়ে আলোচনা শেষ করে আইন প্রণয়নের প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি। এ লক্ষ্যেই সকাল থেকে অধিবেশন চলছে এবং প্রয়োজনে শুক্রবারও অধিবেশন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

নাহিদ বলেন, পূর্বে আলোচনা হয়েছিল যে রাষ্ট্রপতির ভাষণের ওপর দীর্ঘ আলোচনা না করে দ্রুত অধ্যাদেশগুলো পাসে অগ্রাধিকার দেওয়া হবে। তবে কারিগরি বা মুদ্রণজনিত কারণে বিল উপস্থাপনে দেরি হওয়ায় আপাতত ওই আলোচনা চলছে। তার মতে, যেসব অধ্যাদেশে সবার ঐকমত্য রয়েছে, সেগুলো আগে পাস করা উচিত।

বিরোধী দলের অবস্থান তুলে ধরে নাহিদ বলেন, ভবিষ্যতে যেন এমন অভিযোগ না ওঠে যে, যেসব বিলে বিরোধী দলের নোট অব ডিসেন্ট ছিল, সেগুলো পর্যাপ্ত আলোচনার সুযোগ পায়নি। এ বিষয়টি নিশ্চিত করতে হবে।

সংসদ নেতার অনুপস্থিতির প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, এ গুরুত্বপূর্ণ সময়ে সংসদ নেতার উপস্থিতি থাকলে আরও ভালো হতো। তবে বর্তমান পরিস্থিতিতে অধ্যাদেশ পাসই সবার প্রধান অগ্রাধিকার হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

এ প্রসঙ্গে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তিনি আশা প্রকাশ করেন, সংসদকে কার্যকর রাখতে সরকার ও বিরোধী দল উভয় পক্ষ সমন্বয়ের মাধ্যমে কাজ করছে এবং সব প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

এ সময় সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম বিরোধী দলীয় চিফ হুইপের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, মূল লক্ষ্য হচ্ছে দ্রুত বিলগুলো পাস করা। বর্তমানে সংসদের বিবেচনায় ১৩৩টি অধ্যাদেশ রয়েছে এবং বিরোধী দলের সহযোগিতা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

টিএই/ক.ম