নিজস্ব প্রতিবেদক
০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পিএম
চব্বিশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ‘ক্যাপ্টেন’ ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের কাছে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন বলেই দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম বলেন, এনসিপির এক নেতা বাইরে বক্তৃতায় বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতা খেলেছে আর ট্রফি বিএনপি নিয়ে বসে আছে। আমি বলতে চাই, জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে আমরা সবাই ছিলাম, ট্রফি আমরা কারও কাছে আনতে যাইনি।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস লন্ডনে গিয়ে আমাদের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন। এতে প্রমাণিত হয়, এই আন্দোলনের নেতৃত্বে মূল ভূমিকা কোন দলের ও কোন নেতার ছিল।
প্রতিমন্ত্রী বলেন, ক্যাপ্টেন একজনই থাকেন। সেই ক্যাপ্টেনের কাছে প্রধান উপদেষ্টা গিয়ে আলোচনা করে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন বলেই আজ আমরা এই ঐতিহাসিক সংসদে উপস্থিত হতে পেরেছি।
রাষ্ট্রপতির ভাষণের প্রশংসা করে মীর শাহে আলম বলেন, মহামান্য রাষ্ট্রপতিকে আমি বারবার ধন্যবাদ দিতে চাই। তাঁকে নির্বাচিত করেছিল আওয়ামী লীগ, কিন্তু সেই রাষ্ট্রপতির মুখ দিয়েই আজ এই সংসদে বলা হয়েছে, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি যখন এই সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট, স্বৈরাচার ও ভোটচোর বলেন, তখন সেই কৃতিত্ব বিএনপি এবং সংসদ নেতা তারেক রহমানের।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির গৃহীত কর্মসূচি হিসেবে ফ্যামিলি কার্ড ইতিমধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, যা নারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ ছাড়া রাষ্ট্রপতি সংসদে কৃষক কার্ড চালুর বিষয়টি উপস্থাপন করেছেন। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে টাঙ্গাইল সদর থেকে প্রধানমন্ত্রীর মাধ্যমে এই কৃষক কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
এআর