images

রাজনীতি

আমরা অধিকার বঞ্চিত হচ্ছি, সংসদে অভিযোগ জামায়াত এমপির

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পিএম

সংসদের উত্থাপিত বিল তিন দিন আগে না পাওয়ায় তারা অধিকার বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

সোমবার (৬ এপ্রিল) ভোটার তালিকা সংশোধিত আইন-২০২৬ পাস হওয়ার পরপরই সংসদে ফ্লোর নিয়ে এ মন্তব্য করেন তিনি।

এই সংসদ সদস্য বলেন, ‘বিল বা প্রস্তাবের ব্যাপারে আমি কার্যপ্রণালি বিধি থেকে পড়ে শোনাচ্ছি আপনাকে। তবে শর্ত থাকে যে, সদস্যদের ব্যবহারের জন্য বিলের প্রতিলিপি তাদের কাছে না পৌঁছানো পর্যন্ত কোনোরূপ প্রস্তাব করা হইবে না এবং যেদিন প্রস্তাব করা হইবে, তাহার নূন্যতম তিন দিন পূর্বে বিলের প্রতিলিপি না পৌঁছালে যেকোনো সদস্য অনুরূপ প্রস্তাব উত্থাপনের বিরুদ্ধে আপত্তি করিতে পারিবেন এবং স্পিকার বিধি স্থগিত ক্ষমতা প্রয়োগ কইরা প্রস্তাবটি উপস্থাপনের অনুমতি না দেওয়া পর্যন্ত অনুরূপ প্রস্তাব আপত্তি বহাল থাকবে।’ 

তিনি বলেন, ‘আমরা তো বিল বা প্রস্তাব পাই নাই মাননীয় স্পিকার। ৪৯ পৃষ্ঠার একটা দলিল আমাদেরকে এইমাত্রই পেশ করা হলো। আমরা এটা কিভাবে পারব? মাননীয় স্পিকার আপনি তো একজন বড় আইনজীবী। আপনি এটা ভালো বোঝেন। আমরা তো বুঝি না। আমাদের মাননীয় আইনমন্ত্রী একজন ব্যারিস্টার। আপনারা দুইজনই ভালো জানেন। আমাদেরকে তো সুযোগ দেবেন।’

সাইফুল আলম মিলন বলেন, আমরা সংসদে নতুন আসছি সেখানেও তো সময় থাকতে হবে। বিধিতে আছে, কিন্তু সুযোগটা আমরা পাইলাম না। আমরা তো অধিকার বঞ্চিত হচ্ছি মাননীয় স্পিকার। ৪৯ পৃষ্ঠার একটা দলিল আমাকে দিলেন সাড়ে তিনটার সময়, আর এখন বলেন মত দিতে হবে। আমরা কিভাবে মত দিই বলেন তো।

এসময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাইসার কামাল বলেন, ‘মাননীয় সদস্য তিন দিনের কথা বলা হয়েছে, এখানে স্পিকারের একটা স্পেশাল অথরিটি আছে। তিনি সেটা কনডেম করতে পারেন। এটার কারণে বিল এখানে এসেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।’

এমএইচএইচ/এএইচ