images

রাজনীতি

বায়তুল মোকাররমে ১১ দলের বিক্ষোভ শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পিএম

গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ শুরু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেল সোয়া ৫টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়।

বিক্ষোভে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিতে দেখা গেছে। এ সময় তারা গণভোটের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের হাতে ‘জুলাই সনদ বাস্তবায়ন চাই’; ‘গণভোট মানতে হবে’ প্রভৃতি লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

এরআগে সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর গুলশানে এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

তিনি অভিযোগ করেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যার্থতার পরিচয় দিয়েছে। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে উল্লেখ করে এই নেতা জানান, জনস্বার্থ রক্ষায় রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের আর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ‘সংবিধান সংশোধন নয়, সংস্কারই করতে হবে। সংবিধান সংশোধনের মধ্যদিয়ে আওয়ামী লীগের পথেই হাঁটছে সরকার। জনগণের রায় মূল্যায়ন না করলে, রাজপথে আন্দোলনের বিকল্প নেই। শনিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল।’

তারও আগে, বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সংসদ ভবনে সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘গণভোটের রায় নিয়ে সরকারি দলের কর্মকাণ্ডে আমরা বিস্মিত, আহত ও মর্মাহত।’

সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে ওয়াকআউট করেছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল। মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার পর জুলাই সনদ আদেশ জারি না করা এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে মিসকোড করার অভিযোগ এনে বুধবার ৫টা ৪৫ মিনিটে বিরোধী দলের সদস্যরা বেরিয়ে যান।

টিএই/এফএ