জ্যেষ্ঠ প্রতিবেদক
০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পিএম
জাতীয় সংসদ ভবন এলাকায় একজন সংসদ সদস্যকে লক্ষ্য করে ‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’ বলে সম্বোধনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট এমপি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। বিষয়টি আমলে নিয়ে তদন্তের জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্যকে নোটিশ দিতে বলেন স্পিকার।
হানজালা বলেন, ‘গত ৩০ মার্চ আপনার সহধর্মিণীর জানাজায় অংশ নিতে গিয়ে দক্ষিণ প্লাজা দিয়ে প্রবেশের সময় পেছন থেকে কেউ তাকে ওই যে জঙ্গি এমপি যাচ্ছে বলে ডাক দেন। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে এবং ভিডিও নিয়ে আলোচনা শুরু হয়।’
হানজালা বলেন, ‘একজন বর্তমান সংসদ সদস্যকে সংসদ ভবনের কাছেই এভাবে জঙ্গি বলা অত্যন্ত দুঃখজনক এবং এতে সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।’ তিনি ধারণা করেন, তার মাথায় পাগড়ি ও সাদা পাঞ্জাবি পরিহিত থাকার কারণে তাকে এভাবে সম্বোধন করা হয়ে থাকতে পারে। ‘আল্লাহর নবীর সুন্নতি পোশাক কখনোই জঙ্গিবাদের প্রতীক হতে পারে না।’
ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য স্পিকারের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, সংসদ ভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী ও সার্জেন্ট অ্যাট আর্মসের মাধ্যমে দোষীদের শনাক্ত করা হোক। তার মতে, এ ঘটনা শুধু ব্যক্তিগত নয়, বরং সংসদ ও প্রশাসনের মর্যাদার সঙ্গেও জড়িত।
জবাবে স্পিকার বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, এ বিষয়ে বিশেষ অধিকার প্রশ্নে নোটিশ দিলে তা বিবেচনা করা হবে।
টিএই/এআর