নিজস্ব প্রতিবেদক
০২ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পিএম
সংবিধানকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক বিতর্ক ও পরস্পরবিরোধী অবস্থান দেশকে বিশ্বের সামনে হাসির পাত্রে পরিণত করছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ছাত্রশিবির আয়োজিত ‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি: সরকারের দায় ও জবাবদিহিতা’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সংবিধান নিয়ে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন অবস্থান ও বক্তব্যের অসঙ্গতি তুলে ধরে সমালোচনা করেন।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘একেক সময় একেক ধরনের বক্তব্য দিয়ে রাজনৈতিক নেতৃত্ব নিজেদের অবস্থান পরিবর্তন করছে, যা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে এবং দেশের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করছে।’
তিনি বলেন, ‘১৯৭২ সালের সংবিধান প্রণয়নের পর থেকে সময়ের প্রয়োজনে এতে নানা পরিবর্তন আনা হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে, যখন যার যেভাবে প্রয়োজন হয়েছে, তখন সে সেভাবেই সংবিধানকে ব্যবহার করার চেষ্টা করেছে। এতে করে সংবিধানের মূল উদ্দেশ্য ও মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। এ ধরনের আচরণ জাতির সামনে এক ধরনের বিভ্রান্তিকর বার্তা তৈরি করছে, যা ১৮ কোটি মানুষের জন্যও বিব্রতকর।’
তিনি আরও বলেন, ‘সংবিধান নিয়ে রাজনৈতিক নেতাদের কথাবার্তা কখনো এক রকম আবার কখনো ভিন্ন রকম হওয়ায় জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একসময় যে অবস্থান নেওয়া হয়, পরবর্তীতে সেই অবস্থান থেকে সরে আসা রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। এই ধরনের দ্বিমুখী অবস্থান দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্যও ক্ষতিকর।’
ব্যারিস্টার ফুয়াদ সংবিধান নিয়ে বিভিন্ন ব্যাখ্যার প্রসঙ্গ টেনে বলেন, ‘কখনো বলা হচ্ছে কোনো বিষয় সংবিধানের মধ্যে রয়েছে, আবার কখনো বলা হচ্ছে তা সংবিধানের বাইরে। এই ধরনের অস্পষ্টতা ও দ্বিধা সংবিধানকে আরও বিতর্কিত করে তুলছে। সংবিধানকে রাজনৈতিক বিতর্কের হাতিয়ার বানানো হলে তার মর্যাদা ক্ষুণ্ন হয় এবং জনগণের আস্থাও নষ্ট হয়।’
তিনি বলেন, ‘বিচারব্যবস্থা, প্রশাসন এবং রাষ্ট্রীয় কাঠামো নিয়ে অতীতেও নানা বিতর্ক ও মতপার্থক্য দেখা গেছে। কিন্তু বর্তমানে যেভাবে সংবিধানকে ঘিরে বক্তব্য দেওয়া হচ্ছে, তাতে মনে হচ্ছে ইচ্ছেমতো ব্যাখ্যা দিয়ে বিষয়গুলোকে জটিল করা হচ্ছে। এতে জনগণের মধ্যে বিভ্রান্তি বাড়ছে এবং রাজনৈতিক পরিবেশ আরও অস্থির হয়ে উঠছে।’
সেমিনারে গণভোট প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘একসময় যে রাজনৈতিক দল গণভোটের প্রস্তাব দিয়েছে, পরবর্তীতে তারা সেই প্রক্রিয়া নিয়ে ভিন্ন অবস্থান নিচ্ছে। এই পরিবর্তন জনগণের কাছে স্পষ্ট বার্তা দিচ্ছে না, বরং বিভ্রান্তি তৈরি করছে। জনগণের রায় এবং গণভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে পরিষ্কার ও একমুখী অবস্থান থাকা জরুরি।’
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রাজনৈতিক নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দেশের স্বার্থে সংবিধান ও রাষ্ট্রীয় ইস্যুতে দায়িত্বশীল ও স্বচ্ছ অবস্থান নেওয়া প্রয়োজন। বারবার অবস্থান পরিবর্তন করা হলে জনগণের আস্থা আরও কমে যাবে এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল হয়ে পড়বে। ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো আরও দায়িত্বশীল আচরণ করবে এবং সংবিধানকে সম্মান দিয়ে কাজ করবে।’
এএইচ/এমআই