images

রাজনীতি

শিশুদের হাম প্রতিরোধ ও জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের দাবি

নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পিএম

দেশে শিশুদের মধ্যে হাম রোগের বিস্তার এবং চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের আরও দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (১ এপ্রিল) এক বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এ আহ্বান জানিয়েছেন। 
 
গাজী আতাউর রহমান বলেছেন, সারাদেশে হামে আক্রান্ত শিশুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। সরকারি হিসাবেই রাজশাহীতে অন্তত ১৫ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, হামের মতো প্রতিরোধযোগ্য একটি রোগে শিশুদের মৃত্যু রাষ্ট্র হিসেবে আমাদের ব্যর্থতার লক্ষণ। টিকাদান কর্মসূচির পাশাপাশি ইতোমধ্যে আক্রান্ত শিশুদের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। রোগটি যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে, তাতে চিকিৎসা ব্যবস্থাপনা নিয়েও জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এ অবস্থায় আর কোনো শিশুর মৃত্যু দেখতে না চাইলে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিবৃতিতে জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সরকারের মন্ত্রীদের বক্তব্যে সংকটের আশঙ্কা না থাকলেও বাস্তবে দেশের বিভিন্ন এলাকায় পেট্রলপাম্পে দীর্ঘ সারি দেখা যাচ্ছে। জ্বালানির অভাবে উপকূলীয় অঞ্চলের জেলেরা নদী ও সাগরে মাছ ধরতে যেতে পারছেন না। বিশেষ করে খুলনা, বরগুনা ও শরীয়তপুরসহ উপকূলের হাজার হাজার জেলে পরিবার জীবিকা সংকটে পড়তে চলেছে। 

বিবৃতিতে বলা হয়, বৈশ্বিক পরিস্থিতির কারণে সংকট তৈরি হলেও যখন তা মানুষের রুটি-রুজিতে সরাসরি আঘাত হানে, তখন সরকারের উচিত দ্রুত বিশেষ ব্যবস্থা নেওয়া। সামনে মাছ ধরায় নিষেধাজ্ঞার মৌসুম শুরু হতে যাচ্ছে। এই সময়ের আগে যদি জেলেরা নদী বা সাগরে যেতে না পারেন, তাহলে তাদের আর্থিক সংকট আরও তীব্র আকার ধারণ করবে। তাই উপকূলীয় জেলেদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তিনি।

এমআর/ক.ম