images

রাজনীতি

সাংবিধানিক আর অসাংবিধানিক তর্কে ঘুরপাক খাচ্ছে সংসদ: হাসনাত

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ মার্চ ২০২৬, ০৮:০৭ পিএম

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কোনটি সাংবিধানিক, আর কোনটি অসাংবিধানিক—এই বিতর্কের মধ্যেই জাতীয় সংসদ আজ ঘুরপাক খাচ্ছে। রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, মাননীয় স্পিকার, আজকে আপনার যেমন অনুভূতি, আমারও তেমনই অনুভূতি। কারণ, নিয়মের বেড়াজালে কখনো আপনাকে আটকে দেওয়া হয়, আবার কখনো আমাকেও একইভাবে নিয়মের বেড়াজালে আবদ্ধ করা হয়। তিনি বলেন, বাস্তবতা হলো, নিয়ম সবসময় শাসকদের সুবিধা অনুযায়ী পরিচালিত হয়। যখন কোনো নিয়ম তাদের অনুকূলে থাকে, তখন সেটিকে ‘নিয়ম’ বলা হয়; আর যখন তা তাদের বিপক্ষে যায়, তখন সেটিকে বলা হয় ‘কাস্টম’ বা ‘প্রথা’।

সংসদে চলমান কার্যপ্রণালি, সাংবিধানিক ব্যাখ্যা এবং প্রথাগত চর্চার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, কোনটি সাংবিধানিক, আর কোনটি অসাংবিধানিক—এই বিতর্কের মধ্যেই আজ এই সংসদ ঘুরপাক খাচ্ছে।

এদিকে সংবিধান সংস্কার পরিষদের বিশেষ অধিবেশন আহ্বান এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি নিয়ে জাতীয় সংসদ আজ উত্তপ্ত হয়ে ওঠে। সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে ব্যাপক বাদানুবাদ ও উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ (আদেশ নং ১) অনুচ্ছেদ ১০ অনুযায়ী বিশেষ অধিবেশন ডাকার দাবি জানান। একই সঙ্গে তিনি আজকের অধিবেশনে ৭১ বিধি ও রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা স্থগিত রেখে সংবিধান সংস্কার নিয়ে আলোচনার দাবি তোলেন।

টিএই