নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ ২০২৬, ০৬:০৪ পিএম
সংসদে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আগে আলোচনা হওয়া উচিত বলে অনুরোধ জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সংসদ অধিবেশনে তিনি বলেন, আমরা ডেপুটি স্পিকার এবং হাউজের প্রতি আবেদন জানাচ্ছি, জনগুরুত্বপূর্ণ এই ইস্যুতে আগে আলোচনা হোক।
রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক শুরু হয়। এসময় নাহিদ ইসলাম তার অনুরোধ জানান। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
নাহিদ ইসলাম বলেন, গণভোট-জুলাই সনদ বিষয়ে সংসদে গুরুত্ব সহকারে আলোচনা হওয়া উচিত এবং এর সুরাহা হওয়া উচিত। তারপরে নিয়মিত কার্যক্রম চলবে। বিধি মোতাবেক বিরোধীদলীয় নেতা নোটিশ দিয়েছেন।
ডেপুটি স্পিকার বলেন, বিধি অনুযায়ী কোনো গুরুত্বপূর্ণ বিষয় এলে সাধারণত আলোচনা হয়। এ জন্য দুই ঘণ্টা সময় নির্ধারিত আছে। ৭১ বিধির পরে নোটিশের ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।
এআর