images

রাজনীতি

৫৫ বছরে স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি মানুষ: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ ২০২৬, ০১:১০ এএম

দীর্ঘ ৫৫ বছরেও দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে ‘স্বাধীনতার প্রত্যাশা ও জাতীয় জীবনে আমাদের অর্জন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে স্বাধীনতা অর্জিত হলেও তা বাস্তবায়িত হয়নি। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর জনআকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার যে আশা তৈরি হয়েছিল, তা নষ্ট করে দিয়েছে একটি ক্ষমতালোভী গোষ্ঠী। তারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করল জেডিপি

চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানে হামলা চালিয়ে শীর্ষ নেতাদের হত্যা করা মানবতাবিরোধী অপরাধ। একই সঙ্গে ইসরায়েলের কর্মকাণ্ডে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, দেশ, ইসলাম ও মানবতার কল্যাণে কাজ করলে সহযোগিতা করা হবে, অন্যথায় প্রতিবাদ করা হবে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং নতুন প্রজন্মকে রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও গণভোটকে আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান।

ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ও অধ্যাপক মাহবুবুর রহমান, সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এবং সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম।

এছাড়া সভায় বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।