images

রাজনীতি

তারেক রহমান সুখী সমৃদ্ধ দেশ গড়বেন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

২৬ মার্চ ২০২৬, ০৯:৩০ এএম

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দেশের মানুষ আস্থাশীল। তিনি সুখী সমৃদ্ধ দেশ গড়বেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আজ আমরা অত্যন্ত সাহসী বোধ করছি। আমাদের নেতা তারেক রহমান নির্বাচনে জয়ী হয়ে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামীর দিনগুলোতে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থেই সুখী, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করব।

মহান স্বাধীনতা দিবসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে স্মরণ করে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা দিবসে প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি যার আহবানে সকলে যদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই সঙ্গে স্মরণ করছি দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়াকে, যিনি সেই শুরু থেকে গণতন্ত্রের পক্ষে লড়াই করেছেন।
 
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গত ১৫-১৬ বছর ফ্যাসিস্টের জাতাকলে গণতন্ত্র চাপা পড়েছিল, তখন লড়াই করেছে দেশের মানুষ। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিতাড়িত হয়েছে ফ্যাসিস্ট সরকার।
 
‘আজ একটা ভিন্ন পরিবেশে আমরা স্বাধীনতা দিবস উদ্‌যাপন করতে যাচ্ছি। আজকে সম্পূর্ণ ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে স্বাধীনতা দিবস উদ্‌যাপন করতে যাচ্ছি। আজকে একটাই দুঃখ স্বাধীনতার আরেকজন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই,’ যোগ করেন মির্জা ফখরুল।
 
তিনি বলেন, তারেক রহমানর নতুন চিন্তাধারার ফসল হলো ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড। প্রধানমন্ত্রী যে কথা দিয়েছেন সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। তারেক রহমানের প্রতি দেশের মানুষ আস্থাশীল। সুখী সমৃদ্ধ দেশ গড়বেন তিনি।
 
এর আগে সকাল ৬টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা শেষে সেখান থেকে ঢাকায় ফিরে সকাল ৭টার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
 
এরপর সকাল ৯টা ৪৫ মিনিট জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘কুচকাওয়াজ অনুষ্ঠানে’ মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।

/এএস