নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২৬, ১২:৩৫ এএম
দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় কয়েকজন যাত্রী হতাহত ও বাকিরা নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, শোক এবং ক্ষোভ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
বুধবার (২৬ মার্চ) দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করেন।
তারা বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে ইতোমধ্যে কয়েকজনের মরদেহ উদ্ধার হয়েছে এবং বহু যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন, যা জাতির জন্য গভীর বেদনা ও উৎকণ্ঠার বিষয়।
নেতৃদ্বয় বলেন, এই দুর্ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি দেশের নৌপথ ও ফেরিঘাট ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্নীতি, অবহেলা এবং জবাবদিহিতার অভাবের নির্মম বহিঃপ্রকাশ। নানা ধরনের দুর্ঘটনা ঘটে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি ও দায়ীত্বহীনতার কারণে কার্যকর সমাধান বের করা যাচ্ছে না।
তারা বলেন, জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। কিন্তু বাস্তবতা হলো, অব্যবস্থাপনা ও দুর্বল তদারকির কারণে সাধারণ মানুষকে প্রাণ দিতে হচ্ছে,যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এবি পার্টির নেতৃদ্বয় অবিলম্বে উদ্ধার অভিযান সর্বোচ্চ গতিতে পরিচালনার জন্য নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব সংস্থার প্রতি আহ্বান জানান। একইসঙ্গে নিখোঁজদের সন্ধানে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার দাবি জানান।
বিবৃতিতে তারা আরও বলেন, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ফেরিঘাট ব্যবস্থাপনায় অবিলম্বে কঠোর নিরাপত্তা প্রটোকল বাস্তবায়ন করতে হবে। অন্যথায় এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে না।
তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এমআর/এএইচ