নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ ২০২৬, ১২:১০ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, স্বাধীনতাকে অর্থবহ ও কার্যকর করতে রাষ্ট্রের নীতিগত ও পদ্ধতিগত সংস্কার অপরিহার্য। রাষ্ট্রের গুণগত পরিবর্তন ছাড়া শুধু ব্যক্তি বা শাসকগোষ্ঠীর পরিবর্তন হলে স্বাধীনতা কেবল কাগুজে স্বাধীনতায় পরিণত হয়।
৫৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বুধবার (২৫ মার্চ) দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, স্বাধীনতার অর্ধশতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেলেও দেশে সংবিধান মেনে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার দুঃখজনক দৃষ্টান্ত রয়েছে। তবে চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই স্বৈরাচার উৎখাত করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত এবং গণভোটে অনুমোদিত সংস্কারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
স্বাধীনতা দিবসের এই প্রেক্ষাপটে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতাকে অর্থবহ করতে গণভোটে অনুমোদিত সংস্কার প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।
এছাড়া মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ এবং হতাহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতিও সম্মান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।
এমআর/এমআই