জেলা প্রতিনিধি
২৩ মার্চ ২০২৬, ০৮:১৬ পিএম
বর্তমান সরকারের যেকোনো জনস্বার্থবিরোধী কাজকে তারা বিরোধী দল হিসেবে প্রতিহত করবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমান।
সোমবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ এলাকায় স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সরকারের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, ‘আমরা সরকারের কণ্ঠে শুনতে চাই, আর বাংলাদেশে চাঁদাবাজি হবে না, মানুষের উপর জুলুম হবে না। যদি সরকার এটা করে, আমরা তাদের সকল ইতিবাচক কাজে সহযোগিতা করব, সমর্থন করব। কিন্তু সরকারের যে পদক্ষেপ জনস্বার্থের বিপক্ষে যাবে, আমরা তার প্রতিবাদ করব, সে কাজকে প্রতিহত করব।’
জামায়াত আমির বলেন, ‘ঈদের সময় যাত্রীরা টিকেট কিনতে গিয়ে দেখেছেন অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, দুর্নীতি ও চাঁদাবাজি। যে আশা নিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করবে, সেমাই খাবে- তার আনন্দ তো এখানেই মাটি হয়ে গেল।’

জনগণের সঙ্গে ধোঁকাবাজি চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘মন্ত্রী বলেছেন অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হবে। এত মানুষ ঢাকা ছেড়েছে, টাকা ফেরত দিতে তাদের পাবেন কিভাবে?’
সরকারকে উদ্দেশ্য করে ডা. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচন শেষ হয়েছে। অনিয়ম হলেও আমরা মেনে নিয়েছি। দেশটা অচল না হোক। আপনারা যদি সঠিক ধারায় ফিরে না আসেন, তাহলে সারাদেশের মানুষ কিন্তু জুলাই যোদ্ধা। এই মানুষগুলো আপনাদের ক্ষমা করবে না।’

তিনি আরও বলেন, ‘সরকার বিরোধী দলীয় নেতাকে যে বাড়ি দিয়েছে, সেই বাড়িতে থাকব না। এটি ব্যবহার করব দেশের প্রয়োজনে। সেখানে বিদেশি মেহমানদের নিয়ে কথা বলব। শুধু রাষ্ট্রের কাজে এটি ব্যবহার করা হবে।’
পরে জামায়াত আমির নিজ বাড়িতে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তার সঙ্গে দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সাধারণ সম্পাদক ইয়ামির আলীসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এএইচ