images

রাজনীতি

দলীয় পদ ছাড়লেন এলজিআরডি প্রতিমন্ত্রী শাহে আলম

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ ২০২৬, ০৭:০২ পিএম

দলীয় পদ ছেড়ে দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন তিনি। সেটি গৃহিতও হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ার কারণে আপনি বগুড়া জেলাধীন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। নির্দেশক্রমে আপনার পদত্যাগপত্র গৃহীত হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রতিমন্ত্রী শাহে আলম পদত্যাগ করায় তার স্থলে শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম তাজুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে শাহে আলম বর্তমানে সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত থাকায় রাষ্ট্রীয় কাজে পূর্ণ মনোযোগ দিতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে বিএনপি সূত্রে জানানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন মীর শাহে আলম। এরপর বিএনপির নবগঠিত মন্ত্রিসভায় তাকে এলজিআরডি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়।

এএইচ