images

রাজনীতি

পাটোয়ারীর বোধদয়, কথায়-কাজে কেউ কষ্ট পেলে চাইলেন ক্ষমা!

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৮ মার্চ ২০২৬, ১১:২৫ এএম

জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে থাকা ছাত্রদের হাতে গড়া দল জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী। ঢাকা-৮ আসন থেকে সংসদ নির্বাচন করতে নেমে প্রতিনিয়ত বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের তীব্র সমালোচনা করেছেন তরুণ এই রাজনীতিক। যা নিয়ে রাজনৈতিক অঙ্গনের ভেতরে-বাইরে সমালোচনার মুখে পড়া নাসিরুদ্দিন পাটোয়ারী এবার বললেন, আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।

বুধবার (১৮ মার্চ) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেছেন।

নাসিরুদ্দিন পাটোয়ারী লিখেছেন, গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি ও প্রিয় সহযোদ্ধাদের সাথে কিছু আন্তরিক কথা বলার সুযোগ হয়েছিল। সবার কাছ থেকেই একটি সুন্দর দিকনির্দেশনা পেয়েছি, ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়া।

image

তিনি বলেন, আমি বিনয়ের সঙ্গে সেই পরামর্শগুলো গ্রহণ করছি এবং আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করবো। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চাই।

পাটোয়ারী আরও জানান, গতকাল ধানমণ্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইলের মাধ্যমে এই আত্মিক যাত্রার এক নীরব সূচনা করেছি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক পথে পরিচালিত করুন।

বিইউ/এএস