images

রাজনীতি

২২৫ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিল ঢাকা মহানগরী পশ্চিম শিবির

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ মার্চ ২০২৬, ০১:৪১ এএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পশ্চিম শাখার উদ্যোগে ২২৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। শিবিরের শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে মোট ৬ লাখ ৭৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

রোববার (১৫ মার্চ) সরকারি বাঙলা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি হাফেজ আবু তাহেরের সভাপতিত্বে এবং মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদকের সঞ্চালনায় এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। তিনি মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ সিবগা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ভিন্নতার কারণে শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা ও মৌলিক অধিকারের ক্ষেত্রে বৈষম্য লক্ষ্য করা যায়। সম্ভাবনাময় দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের বিপুল জনশক্তিকে যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না।

তিনি বলেন, তরুণ প্রজন্মের দায়িত্ব হচ্ছে দেশের সংস্কার ও পরিবর্তনে ভূমিকা রাখা। নতুন প্রজন্ম থেকেই সমাজ পরিবর্তনের নেতৃত্ব আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ঢাকা মহানগর পশ্চিমের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টিএই/এএস