images

রাজনীতি

মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে আজ

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ ২০২৬, ১০:৩৪ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। আজ রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে বলে জানান তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল।

তিনি বলেন, মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস ভাশন তার সঙ্গে যাবেন। 
মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচারের পর মির্জা আব্বাস রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। গতকাল শনিবার সকালে তার সিটিস্ক্যানের রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, সকালে তার (মির্জা আব্বাস) সিটিস্ক্যান করা হয়েছে। ওই রিপোর্ট ভালো এসেছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সার্বক্ষণিক তাকে দেখছেন। চিকিৎসকদের ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন মির্জা আব্বাস।

গত বুধবার ইফতারের পর মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তবে বৃহস্পতিবার অবস্থার অবনতি ঘটায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচার করা হয়। মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন বলে জানান ডা. রফিক। বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন।


এফএ