নিজস্ব প্রতিবেদক
১১ মার্চ ২০২৬, ০২:৩০ পিএম
‘২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’-এমন বক্তব্য দেওয়ায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুককে সতর্ক করেছে দলটি।
বুধবার (১১ মার্চ) দলের কেন্দ্রীয় দফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, গত সোমবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সেখানে তিনি বলেন, ‘তারেক রহমান ২০২৬ থেকে ৩২ নয়; ৩২ থেকে ২০৩৭ পর্যন্তও প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ। কারণ সূর্য উঠলেই বুঝা যায় দিন কেমন যাবে। তারেক রহমানের শুরুতেই বুঝে ফেলেছি ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে ছয় বার সংসদে যাওয়ার সুযোগ হয়েছে। তারেক রহমাকে দিয়েই হবে-এ মানুষটি দিয়েই হবে।’
তিনি আরও বলেন, ‘শুধু ২০৩১ নয়, ২০৩৭ ও ২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ।’
জয়নুল আবদিন ফারুকের এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। এর মাঝেই আজ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে জয়নুল আবদিন ফারুক এমপিকে সতর্ক করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
এমআই