জেলা প্রতিনিধি
০৭ মার্চ ২০২৬, ১০:৫৮ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা ৭ মার্চের নাম ব্যবহার করে যদি ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করা হয়, তাহলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই বাংলার মাটিতে ফ্যাসিস্টদের কোনো ক্ষমা নেই। ফ্যাসিবাদ ও তাদের দোসরদের বিচার এই মাটিতেই হবে।
শনিবার সন্ধ্যায় ফরিদপুর শহরের ঐতিহাসিক অম্বিকা মেমোরিয়াল ময়দানে এনসিপি ফরিদপুর বিভাগীয় শাখার উদ্যোগে আয়োজিত বিভাগীয় ইফতার মাহফিল ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিভিন্ন মহল পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য অপপ্রচার চালানো হচ্ছে।
সংবিধান সংস্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই বিএনপিকে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ গ্রহণ করাতে হবে এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করতে হবে। এ বিষয়ে কোনো বিচ্যুতি ঘটলে এগারো দল ও জাতীয় নাগরিক পার্টিকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে বলেও জানান তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত গণভোটে জনগণ ব্যাপকভাবে সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু সেই গণভোটের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা হচ্ছে এবং সরকারপন্থী আইনজীবীদের মাধ্যমে বিষয়টি বিতর্কিত করার চেষ্টা চলছে। তাঁর অভিযোগ, সরকার জুলাই সনদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং জনগণের প্রত্যাশার সঙ্গে বেঈমানি করেছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, দেশের তরুণ প্রজন্ম একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। সেই স্বপ্ন বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা এবং জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
শিক্ষাব্যবস্থায় সংস্কারের ওপর গুরুত্বারোপ করে তিনি দ্রুত শিক্ষা সংস্কার আইন প্রণয়ন এবং দেশের কলেজগুলোতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন চালুর দাবি জানান।
ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক ডা. বায়েজিদ হোসেন শাহেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ডা. মো. ইলিয়াস মোল্লা, এনসিপির বিভাগীয় সম্পাদক নিজামুদ্দিন আহমেদ, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা আমির মাওলানা মো. বদরুদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক আবদুত তাওয়াব, খেলাফত মজলিসের জেলা সভাপতি মো. আমজাদ হোসেন এবং সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পুত্র মোহাম্মদ আলী আহসান তাসকির।
বক্তারা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না বলেও তাঁরা হুঁশিয়ারি দেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা আমির মাওলানা মো. বদরুদ্দিন। পরে উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এআর