জ্যেষ্ঠ প্রতিবেদক
০৭ মার্চ ২০২৬, ০৩:৫৫ পিএম
দেশে আওয়ামী লীগের সব দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেজে উঠেছে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ। দুটি বড় স্পিকারে সেই ভাষণ প্রচার করা হচ্ছে।
শনিবার (৭ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের বিপরীত পাশের সড়কে আমতলার দক্ষিণ পাশে এমন দৃশ্য দেখা গেছে।
এলাকাবাসী জানায়, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পূর্ব গেটের দক্ষিণ পাশে থাকা মসজিদের সামনে কালো রঙয়ের বড় দুটি সাউন্ড বক্স বসানো হয়েছে। স্থানীয় একটি দোকান থেকে লাইন টেনে সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। সকাল থেকে সেখানে শেখ মুজিবের ভাষণ প্রচার করা হচ্ছে।
আজ শনিবার ৭ মার্চ। বিগত আওয়ামী লীগ সরকার দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছিল। আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ থাকলেও হঠাৎ শেখ মুজিবের ভাষণ বেজে ওঠায় প্রশ্ন উঠেছে প্রশাসন নীরব ভূমিকা পালন করার কারণ কী! কেউ কেউ কৌতুহলী হয়ে প্রশ্ন করছেন আওয়ামী লীগ কি ফিরে এলো!
এলাকাবাসী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের সাবেক ছাত্রলীগ নেতা আসিফ আহমেদ সৈকত এই আয়োজন করেছেন। তিনি বিষয়টি সেই এলাকার মানুষদের বলে বেড়াচ্ছেন।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঢাকা মেইলকে বলেন, শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ প্রচার করা যাবে না। বক্স লাগিয়ে প্রচার হওয়ার ঘটনা জানা ছিল না। বিষয়টা দেখছি।
এমআইকে/ক.ম