Dhaka Mail Logo

রাজনীতি

সেই ভিডিওর জন্য ক্ষমা চাইলেন হাসনাত

নিজস্ব প্রতিবেদক

০৬ মার্চ ২০২৬, ১২:৪১ পিএম

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে দুঃখপ্রকাশ ও নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ। 

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টার দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে তিনি দুঃখপ্রকাশ করেন। 

ফেসবুক পোস্টে তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে আমাকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটিতে একটি শিশুকেও কথা বলতে শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে।
উল্লেখ্য, ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং এটি আমাদের একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল। তবে গতকাল এই ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

তিনি দুঃখ প্রকাশ করে আরও বলেন, ভিডিওটির জন্য আমি নিঃশর্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই কাজটি করা কোনোভাবেই উচিত হয়নি।ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে-তা নিশ্চিত করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। ফ্যাসিবাদ-উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করার সংস্কৃতিকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চাই সবার প্রত্যাশা।
আমার কাজের জন্য আমি আবারও দুঃখপ্রকাশ করছি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় হাসনাত আবদুল্লাহ একটি শিশুর সঙ্গে কথা বলছেন। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘মির্জা আব্বাস ক্যাডা?’ জবাবে শিশুটি বলে, ‘মির্জা আব্বাস চান্দাবাজ।’ ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এএইচ/এমআই