নিজস্ব প্রতিবেদক
০৫ মার্চ ২০২৬, ০৮:২৮ পিএম
বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সরকার দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ অভিযোগ করেন।
বিদেশি কূটনীতিকদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করা হচ্ছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনিসংকেত।
তিনি অভিযোগ করেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারের যে গতি থাকার কথা ছিল, তা ব্যাহত হচ্ছে।
এ সময় জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমরা অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানাই, যা আমাদের জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ আছে।’
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে জনকল্যাণে নিয়োজিত করার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
ইফতার মাহফিলে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এআর