জ্যেষ্ঠ প্রতিবেদক
০৩ মার্চ ২০২৬, ০২:৪৪ পিএম
রাজধানীর উত্তরা এলাকায় সামাজিক দায়বদ্ধতা ও জনদুর্ভোগ কমাতে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালের সামনে থেকে কর্মসূচির সূচনা করা হয়।
উদ্বোধন করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন- উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, মহানগরী মজলিসে শূরা সদস্য ও উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান, উত্তরা পূর্ব থানা সেক্রেটারি আতিক হাসান রুবেল এবং ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহফুজুর রহমানসহ স্থানীয় নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সিটি কর্পোরেশনে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলেও মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। রমজান মাসকে সামনে রেখে নগরবাসী কার্যকর মশা নিধন কার্যক্রম প্রত্যাশা করলেও এখনো অনেকে মশার উপদ্রবে ভোগান্তিতে রয়েছেন। তিনি দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে নগরসেবা নিশ্চিত করতে দ্রুত সিটি কর্পোরেশন নির্বাচন প্রয়োজন। এতে নাগরিক সমস্যার টেকসই সমাধান সম্ভব হবে বলে তিনি মত দেন।
উদ্বোধনের পর হাসপাতালের সামনের এলাকা থেকে মশক নিধন কার্যক্রম শুরু হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে উত্তরা এলাকার প্রতিটি ওয়ার্ডে এ কর্মসূচি পরিচালনা করা হবে। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও রমজান মাসে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
টিএই/এমআই