জ্যেষ্ঠ প্রতিবেদক
০১ মার্চ ২০২৬, ০৭:২৪ পিএম
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা-আগ্রাসন ও আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বাংলাদেশ সরকারকে এই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বানও জানিয়েছেন বিএনপির মিত্র দলের এই নেতা।
রোববার (১ মার্চ) সন্ধ্যায় এক বিবৃতিতে সাইফুল হক এই আহ্বান জানান।
বিবৃতিতে ইরানে হামলা-আক্রমণকে আন্তর্জাতিক রাষ্ট্রীয় সন্ত্রাসী তৎপরতা হিসেবে আখ্যায়িত করেন সাইফুল হক। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সকল রীতিনীতি লঙ্ঘন করে একটি স্বাধীন দেশের উপর এই সামরিক আগ্রাসন বলদর্পী বর্বর যুগকেই যেন ফিরিয়ে আনছে!’
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘ঠুনকো ও হাস্যকর অজুহাতে যেভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালিত হচ্ছে তা মার্কিন-ইসরায়েলের চরম ঔদ্ধত্বের বহিঃপ্রকাশ ও মার্কিন-ইসরায়েলী যুদ্ধবাজ সামরিক চক্রের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ। একবিংশ শতাব্দীতে এ ধরনের অপতৎপরতা প্রায় অবিশ্বাস্য।’
সাইফুল হক বলেন, ‘ইরানের সরকার পরিবর্তনের লক্ষ্যে সংঘটিত এই সামরিক আগ্রাসনের আসল উদ্দেশ্য হচ্ছে গোটা মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক কর্তৃত্ব নিরঙ্কুশ করা। ইরানে তাদের বশংবদ সরকার প্রতিষ্ঠা করতে পারলে তাদের উদ্দেশ্য সফল হয়।’
কিছুদিন আগে একই রকম ঠুনকো অজুহাতে সামরিক অভিযান চালিয়ে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তার স্ত্রীসহ তুলে যাওয়ার কথা তুলে ধরে সাইফুল হক বলেন, ‘মার্কিনীদের এই অপরাধমূলক সন্ত্রাসী তৎপরতা অব্যাহত রয়েছে।’
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘এসব অপরাধমূলক সন্ত্রাসী তৎপরতার মধ্যে মার্কিন ও তার পশ্চিমা মিত্রদের কথিত গণতন্ত্র ও মানবাধিকারের মুখোশও পুরোপুরি খসে পড়েছে।’
অনতিবিলম্বে ইরানে যৌথ সামরিক আগ্রাসন বন্ধে কার্যকরি উদ্যোগ নিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন সাইফুল হক। তিনি সাম্রাজ্যবাদী এই আগ্রাসনের বিরুদ্ধে ভূমিকা নিতে বিশ্বের শান্তিকামী জনগণের প্রতিও আহ্বান জানিয়েছেন।
এএম/ক.ম