জ্যেষ্ঠ প্রতিবেদক
০১ মার্চ ২০২৬, ০১:৫৬ পিএম
চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি কর্মীদের হামলায় গুরুতর আহত হাফেজ মাওলানা মফিজুর রহমানকে দেখতে হাসপাতালে গেলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই ঘটনায় এক কর্মী নিহতের ঘটনায় রাজধানীতে বিক্ষোভ ও সমাবেশের ডাক দিয়েছে দলটি।
রোববার (১ মার্চ) সকালে রাজধানীর অরোরা হাসপাতালে চিকিৎসাধীন মফিজুর রহমানের শয্যাপাশে যান ডা. শফিকুর রহমান।
এসময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহত নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে তার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদ এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমির শাহীন আহমেদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

চুয়াডাঙ্গার জীবননগরের হাসাদাহ এলাকায় বিএনপি কর্মীদের হামলায় ইউনিয়ন আমির মফিজুর রহমান আহত হন এবং তার ভাই হাফিজুর রহমান নিহত হন। এছাড়া হামলায় জামায়াতে ইসলামীর আরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
ঘটনার প্রতিবাদে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, ‘নির্বাচন-পরবর্তী প্রতিহিংসামূলক মনোভাব থেকে সংঘটিত এ বর্বর হামলা কোনোভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতভেদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে নিরস্ত্র মানুষের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচারের ওপর সরাসরি আঘাত।’
তিনি নিহত হাফিজুর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে সরকারের প্রতি প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।
এদিকে নিহত হাফিজুর রহমানের হত্যার প্রতিবাদে আজ রবিবার (১ মার্চ) বিকাল ৩টায় রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ ও সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
টিএই/এএইচ