images

রাজনীতি

খামেনিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভের ডাক জামায়াতের

জ্যেষ্ঠ প্রতিবেদক

০১ মার্চ ২০২৬, ০১:৪৬ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

রোববার (১ মার্চ) বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান ও দেশটির শীর্ষ নেতৃত্বের ওপর এই হামলা আন্তর্জাতিক রীতিনীতির চরম পরিপন্থী এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতাকে আরও উসকে দেবে। এই বর্বরোচিত কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আজকের এই বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে জানিয়েছেন, বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এই বিক্ষোভে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন।

কর্মসূচিটি যথাযথভাবে সংবাদমাধ্যমে প্রচারের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। 

একইসঙ্গে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীদের যথাসময়ে মিছিলে যোগ দিয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

টিএই/এএইচ