images

রাজনীতি

মোহাম্মদপুরে বিএনপির অফিস দখলে নিতে ছাত্রদলের হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ পিএম

‎রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির অফিসে হামলা করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়। ‎শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঢাকা উদ্যান প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
 
এ ঘটনায় ১০০ নম্বর ওয়ার্ড বিএনপির ইউনিট সভাপতি ইউসুফ আলী বাদী হয়ে মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়কসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে এজাহার দিয়েছেন।
‎ 
এলাকাবাসী জানান, শুক্রবার বিকেলের দিকে হঠাৎ করে অনেক লোকজন এসে বিএনপি অফিসে হামলা চালায়। এ সময় ভেতরে সবকিছু ভাঙচুর করা হয়। এরপর প্রায় ৫০-৬০ জন লোক একটি মিছিল নিয়ে বের হয়ে যায়।

মামলার এজহারে বাদী বলেন, মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক বসির উল্লাহ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনিছুল হক টিপু, যুগ্ম আহ্বায়ক পারভেজ, ছাত্রদল কর্মী আরিফ, নয়ন ও মিরাজসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জন মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান মেইন রোড, বিট অফিসের বিপরীত পার্শ্বে অবস্থিত ১০০ নম্বর ওয়ার্ড আওতাভুক্ত ঢাকা উদ্যান দক্ষিণ ইউনিট বিএনপি অফিসে অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়।  

image
মামলায় ছাত্রদল নেতা বসির উল্লাহসহ ২৫-৩০ জনকে আসামি করা হয় (ফাইল ছবি) 

হামলার সময় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান সাহেবের ছবি ভাঙচুর করে। এছাড়া অফিসে থাকা আসবাবপত্র ভেঙে চুরমার করে ফেলে, যেগুলোর আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা। অফিস ভাঙচুরের পর হামলাকারীরা মিছিল করে ঘটনাস্থল ত্যাগ করে বলে মামলার এজহারে উল্লেখ করা হয়।

এ ঘটনায় মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক বশির উল্লাহ বলেন, আমি তেজগাঁও এলাকায় একটা ইফতারে ছিলাম। আমার নাম করে কারা এমন ঘটনা ঘটিয়েছে তা আমি বলতে পারি না। আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানার চেষ্টা করছি।

‎এ ঘটনায় তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় আমরা একটা এজাহার পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবো।

একেএস/ক.ম