Dhaka Mail Logo

রাজনীতি

শহীদ মিনারে এনসিপির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ এএম

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দলটির নেতারা এই শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় নেতারা শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানান।

পুষ্পস্তবক অর্পণের পর নেতারা কিছুক্ষণ নীরবতা পালন করেন। তাঁরা বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মদান বাঙালির আত্মপরিচয়, অধিকার ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের সংগ্রামে চিরন্তন প্রেরণা হয়ে আছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় তাঁদের এই ত্যাগ জাতির ইতিহাসে অনন্য হয়ে থাকবে বলেও উল্লেখ করেন নেতারা।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, ভাষা শহীদদের স্মরণ শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; গণতান্ত্রিক মূল্যবোধ, সাংস্কৃতিক বহুত্ববাদ এবং নাগরিক অধিকারের প্রশ্নে তাঁদের আদর্শ ধারণ করাই প্রকৃত শ্রদ্ধা।
 
এমআর/ক.ম