জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম
সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে বিকেলে মন্ত্রী হতে যাওয়া ব্যক্তিরা শপথ নিতে যাচ্ছেন। কিন্তু এই অনুষ্ঠানে যাচ্ছেন না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে হওয়া ছয় সাংসদ। এর আগে তারা দুপুরে সংসদ সদস্য হিসেবে শপথ নেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শপথ গ্রহণের আগে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন তার ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি জানান।
আল আমিন লেখেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’ ও ‘সংসদ সদস্য’ দুই পদেই শপথ গ্রহণ করবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নির্বাচিত প্রতিনিধিরা। তিনি বলেন, একইসঙ্গে বিএনপি জনগণের রায় ও জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করায় আমরা আজ অনুষ্ঠিতব্য মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করব না।
এর আগে আব্দুল্লাহ আল আমিন বলেন, জনগণ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদের ম্যান্ডেট দিয়েছে- এ জন্য আমরা দুটি শপথই নিচ্ছি। বিএনপি ক্ষমতামুখী দল হিসেবে শুধু সরকার গঠনের শপথ নিয়ে গণরায় উপেক্ষা করেছে।
মঙ্গলবার সকাল থেকে নানা গুঞ্জন ছিল যে, তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না। কিন্তু দুপুর গড়াতে সেই সিদ্ধান্ত বদলে যায়। দলটির পক্ষ থেকে নির্বাচিত ছয় নব নির্বাচিত সংসদ সদস্য মঙ্গলবার দুপুর দেড়টায় শপথ নেন। তারা হলেন হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, আকতার হোসেন, আব্দুল হান্নান মাসুদ, আতিকুর রহমান মোজাহিদ ও আব্দুল্লাহ আল আমিন। তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এমএম নাসির উদ্দিন।
সকালে ১১ দলীয় জামায়াতের সংসদ সদস্যরা শপথ নেওয়ার সময় এনসিপি নেতারা অনুপস্থিত ছিল। তখন খবর ছড়িয়ে পড়ে এনসিপির সংসদ সদস্যরা শপথে অংশ নেবেন না। হান্নান মাসুদ ও আতিকুর গণমাধ্যমকে জানিয়েছিল, তারা শপথে অংশ না নেওয়ার কথা ভাবছেন। কিন্তু তাদের এমন কথার ঘণ্টা দুই পরে তারা শপথে অংশ নিয়েছেন।
এমআইকে/ক.ম