images

রাজনীতি

নির্বাচনোত্তর হামলা ও সহিংসতার প্রতিবাদে ১১ দলীয় জোটের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভিন্ন মতের নেতাকর্মীদের ওপর সারাদেশে নিপীড়ন, সহিংসতা, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের দলগুলো বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ডাকাতি আখ্যা দিয়ে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

বিক্ষোভ সমাবেশে খেলফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেন, ২০২৬ সালের নির্বাচনে সারাদিন নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেখানো হয়েছে। সন্ধ্যার পর এ নির্বাচনে টার্গেটকৃত কিছু প্রার্থীদের পরিকল্পনা অনুযায়ী হারানো হয়েছে। আমি প্রধান নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনার পূর্ববর্তী প্রধান নির্বাচন কমিশনের পরিস্থিতি দেখে শিক্ষা নেওয়া উচিত। এমন একটি নির্বাচনের জন্য আপনাকে তার চেয়ে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হতে পারে। বাংলাদেশি মানুষ অধিকার জোর করে আদায় করতে জানে। সুতরাং সাবধান হোন। এ নির্বাচনে যাদের কারচুপির মাধ্যমে হারানো হয়েছে, তাদের বিষয়ে পুনরায় বিবেচনা করুন।

আরও পড়ুন: ২০২৬ সালে হয়েছে ‘ম্যানেজ ভোট’: রাশেদ প্রধান

এছাড়াও, নির্বাচনের পর যারা ভিন্ন স্থানে ভট দিয়েছে, এমন নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের ওপর হামলা, নিপীড়ন ও অত্যাচার চালানো হচ্ছে। এমন ঘটনায় যদি কোন ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা আরও কঠোর হব। তখন কোনো বাধা কাজ দেবে না।

ঢাকা-৮ আসনের জামায়াত জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, এ নির্বাচনে আমরা দেখেছি কিভাবে ডাকাতি করা হয়েছে। এর আগে আমরা রাতের ভোট দেখেছি, কিন্তু প্রকাশ্যে দিবালোকে ভোট ডাকাতি দেখিনি। এবার বাংলাদেশের মানুষ তা স্বচোখে দেখেছে। আমরা এমন নির্বাচনের নিন্দা জানাই।

আরও পড়ুন: গণমাধ্যমে খণ্ডিত ফলাফল উপস্থাপনা নিয়ে হতাশ হবেন না: জামায়াত আমির

তিনি আরও বলেন, নির্বাচনের আগে আমরা শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের হত্যার বিচারের জন্য রাস্তায় নেমেছিলাম। তারা বলেছিল, আমরা নির্বাচন বানচাল করার চেষ্টা করছি। আমরা দেখিয়েছি, আমরা এ দেশে গণতন্ত্র চাই। সময়মতো নির্বাচন হয়েছে। এবার আমাদের শরীফ ওসমান হাদী ভাইয়ের হত্যার বিচার করুন। না হলে কোনোভাবে আমার ভাইয়ের বিচার না করে টিকে থাকা সম্ভব হবে না।

এদিকে, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বায়তুল মোকাররম থেকে প্রেসক্লাব, মৎস্যভবন হয়ে শাহবাগ মোড়ে পৌঁছে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।

একেএস/এআর