নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৫ পিএম
জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) শপথ অনুষ্ঠানের পর বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদীয় দলের এই সভায় সংসদ নেতা নির্বাচিত করা হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, ইনশাল্লাহ।
শুক্রবার রাতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২৯৯ আসনের মধ্যে ২৯৭টিতে জয়ীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে বিএনপি ২০৯ আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার বিধান রয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।
এআর