নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বারবার হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে মেনশন (ট্যাগ) করে রোববার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।
পোস্টে তিনি বেশকিছু স্ক্রিনশটও প্রকাশ করেন। স্ক্রিনশটগুলোতে দেখা যায়, বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তাকে ফোন করা হয়েছে।
একটি এসএমএসের স্ক্রিনশটও দেন মোনামী। তাতে লেখা আছে, ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও।’
তারেক রহমানের উদ্দেশে পোস্টে শেহরীন আমিন লেখেন, ‘১৩ ফেব্রুয়ারি থেকে আমি যে অসংখ্য হত্যার হুমকির সম্মুখীন হচ্ছি তার মধ্যে এটি একটি মাত্র... ’
বিএনপি চেয়ারম্যানের কাছে তিনি প্রশ্ন রাখেন, ‘এটাই কি আপনার ‘নারীবান্ধব ও নিরাপদ’ বাংলাদেশ???’
পোস্টে তিনি এও লেখেন, ‘সকল মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আর আমি সেই ৩১ জুলাই ২০২৪ থেকেই প্রস্তুত আছি।’
এরআগে ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করা এবং অশালীন মন্তব্য করার অভিযোগে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন মোনামি।
এসএইচ/এএম