images

রাজনীতি

বিএনপির প্রার্থীদের মধ্যে শীর্ষে কিশোরগঞ্জ–৬ আসনের শরীফুল আলম

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন কিশোরগঞ্জ–৬ আসনের প্রার্থী মো. শরীফুল আলম। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ লাখ ৪৩ হাজার ৬৪ ভোট বেশি পেয়ে বিজয় অর্জন করেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।

ভৈরব ও কুলিয়ারচর উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ২৮ হাজার ৮০৪ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ৩৭ হাজার ৯৯০ জন, যা মোট ভোটারের ৫৭ দশমিক শূন্য ৩ শতাংশ। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়ে শরীফুল আলম বিএনপির প্রার্থীদের মধ্যে শীর্ষে অবস্থান নিয়েছেন।

শরীফুল আলম কিশোরগঞ্জ জেলা বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা এবং তিনি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

বিজয়ের পর শরীফুল আলম ভৈরব-কুলিয়ারচর এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের এই আস্থার প্রতিদান তিনি তার কাজের মাধ্যমে ফিরিয়ে দিতে চান এবং এলাকার উন্নয়ন ও মানুষের ভাগ্যোন্নয়নই হবে তার প্রধান লক্ষ্য। একই সঙ্গে তিনি এই বিজয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানান।

এদিকে এই নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন টাঙ্গাইল–২ আসনের বিএনপির প্রার্থী আবদুস সালাম পিন্টু। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৩৭ হাজার ৩৪২ ভোট বেশি পেয়ে জয়ী হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও এর মিত্র দলগুলোর মোট ২১২ জন প্রার্থী জয়ী হয়েছেন। অন্যদিকে জামায়াত ও এর মিত্র দলগুলোর প্রার্থীরা জয় পেয়েছেন ৭৭টি আসনে। এছাড়া স্বতন্ত্র সাতজন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

এম/এএস