নিজস্ব প্রতিবেদক
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সিলেট বিভাগে স্পষ্ট এক চিত্র তুলে ধরেছে। এ বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৮টিতেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাকি একমাত্র আসনে বিজয়ী হয়েছেন খেলাফত মজলিস এর প্রার্থী মুফতি আবুল হাসান। এ বিভাগে কয়েকজন হেভিওয়েট প্রার্থী থাকলেও কোনো আসনই পায়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সিলেট জেলা
সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থীরা। সিলেট-১ আসনে খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-২ আসনে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে মোহাম্মদ আবদুল মালিক, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী এবং সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরী বিজয়ী হয়েছেন। একমাত্র সিলেট-৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান ‘দেয়াল ঘড়ি’ প্রতীকে জয়লাভ করেন।
সুনামগঞ্জ জেলা
সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনের সবকটিতেই জয় পেয়েছে বিএনপি। সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনে নাসির উদ্দীন চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলন জয়ী হয়েছেন।
মৌলভীবাজার জেলা
মৌলভীবাজার জেলার চারটি আসনেও বিএনপির একচেটিয়া সাফল্য। মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দীন মিঠু, মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে এম নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবুর রহমান চৌধুরী বিজয়ী হয়েছেন।
হবিগঞ্জ জেলা
হবিগঞ্জ জেলার চারটি আসনের সবকটিতেই জয় পেয়েছে বিএনপি। হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে ডা. সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আসনে জি কে গৌছ এবং হবিগঞ্জ-৪ আসনে এস এম ফয়সল জয়লাভ করেছেন।
বিশ্লেষকদের মতে, সিলেট বিভাগে এই ফলাফল জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। একদিকে বিএনপির শক্ত অবস্থান, অন্যদিকে খেলাফত মজলিসের এক আসনে জয় দলটির জন্য আলাদা করে নজর কাড়ার মতো ঘটনা। জামায়াতে ইসলামীর শূন্য ফলাফলও আলোচনায় এসেছে।
ভোটের ফল প্রকাশের পর বিভিন্ন এলাকায় বিজয় মিছিল ও সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। একই সঙ্গে পরাজিত প্রার্থীদের পক্ষ থেকেও এসেছে ফল মেনে নেওয়ার বার্তা। সিলেট বিভাগের এই ফল জাতীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে।
এমআর/এফএ