images

রাজনীতি / সারাদেশ

গণতন্ত্র চাপা থাকলে উগ্রবাদীদের উত্থান ঘটে: মির্জা ফখরুল

জেলা প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ এএম

দেশে গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত হলে উগ্রবাদী শক্তির উত্থান ঘটে—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্র চাপা পড়ে গেলে বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠে।

জামায়াতে ইসলামীর প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় এমন পরিস্থিতিরই প্রতিফলন দেখা গেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, বিএনপি কখনোই জনসমর্থন হারায়নি। বিএনপি সবসময় জনগণের রাজনীতি করেছে, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। যখনই জনগণ আমাদের বক্তব্য গ্রহণ করেছে, তখনই আমরা বিজয় অর্জন করেছি।

সরকার গঠন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা আমাদের অঙ্গীকারে অটুট। যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল, তাদের নিয়েই আমরা নির্বাচন করেছি এবং তাদের নিয়েই সরকার গঠন করব।

তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক সমঝোতা ও ঐক্যের ভিত্তিতেই ভবিষ্যৎ পথচলা নির্ধারিত হবে।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এএস